ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) এলাকার বাড়িওয়ালা ও ভাড়াটিয়াদের অধিকার সুরক্ষায় নতুন নির্দেশিকা জারি করা হয়েছে। এতে বলা হয়েছে, চুক্তি অনুযায়ী ভাড়া কার্যকর হওয়ার তারিখ থেকে ২ বছরের মধ্যে কোনো অবস্থাতেই ভাড়া বাড়ানো যাবে না। এছাড়া বাসা ভাড়ার সময় ১ থেকে ৩ মাসের বেশি অগ্রিম টাকা নেওয়া যাবে না।
মঙ্গলবার (২০ জানুয়ারি) রাজধানীর গুলশানে নগর ভবনে এক সংবাদ সম্মেলনে ‘বাড়িভাড়া নিয়ন্ত্রণ আইন-১৯৯১’ বাস্তবায়নে এই নির্দেশিকা আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেন ডিএনসিসি প্রশাসক মোহাম্মদ এজাজ।
নির্দেশিকায় ভাড়ার লেনদেন ও বৃদ্ধির বিষয়ে সুনির্দিষ্ট নিয়ম বেঁধে দেওয়া হয়েছে:
১.প্রতি মাসের ১০ তারিখের মধ্যে ভাড়া পরিশোধ করতে হবে এবং বাড়িওয়ালা ভাড়ার বিপরীতে স্বাক্ষরযুক্ত লিখিত রশিদ দিতে বাধ্য থাকবেন।
২.মানসম্মত ভাড়া নির্ধারণের পর তা ২ বছর পর্যন্ত বলবৎ থাকবে। ২ বছর পর দ্বিপাক্ষিক আলোচনার মাধ্যমে ৩.ভাড়া পরিবর্তন করা যাবে। তবে ভাড়া বৃদ্ধির হার সংশ্লিষ্ট এলাকার বাজারমূল্যের ১৫ শতাংশের বেশি হতে পারবে না। ভাড়া বৃদ্ধির সময় হবে জুন-জুলাই মাস।
নির্দেশিকায় বলা হয়েছে, আবাসিক ভবনের ক্ষেত্রে চুক্তি বাতিল করতে হলে উভয় পক্ষকে ২ মাসের নোটিশ দিতে হবে। ভাড়াটিয়া নির্দিষ্ট সময়ে ভাড়া দিতে ব্যর্থ হলে বাড়িওয়ালা প্রথমে মৌখিক সতর্ক করবেন। এরপরও ভাড়া না দিলে সময়সীমা বেঁধে দিয়ে ২ মাসের মধ্যে বাসা ছাড়ার লিখিত নোটিশ দিয়ে উচ্ছেদ করতে পারবেন।
বাড়িওয়ালাদের প্রতি নির্দেশনায় বলা হয়েছে:
১.বাড়ি বসবাসের উপযোগী রাখতে হবে এবং গ্যাস, বিদ্যুৎ, পানি ও বর্জ্য অপসারণ সুবিধা নিশ্চিত করতে হবে।
২.অগ্নিকাণ্ড বা ভূমিকম্পের মতো জরুরি পরিস্থিতিতে নিরাপত্তার স্বার্থে ভাড়াটিয়াকে ছাদ ও মূল গেটের চাবি প্রদান করতে হবে।
৩.ছাদ, বারান্দা ও উন্মুক্ত স্থানে সবুজায়নের ব্যবস্থা করতে হবে। ভাড়াটিয়ার যেকোনো সময়ে বাসায় প্রবেশের অধিকার সংরক্ষিত থাকবে।
নির্দেশিকা অনুযায়ী, সিটি করপোরেশন এলাকায় ওয়ার্ডভিত্তিক বাড়িওয়ালা ও ভাড়াটিয়া সমিতি গঠন করতে হবে। কোনো সমস্যা দেখা দিলে প্রথমে স্থানীয়ভাবে আলোচনার মাধ্যমে সমাধান করতে হবে। সমাধান না হলে পরবর্তীতে সিটি করপোরেশনের আঞ্চলিক নির্বাহী কর্মকর্তার মাধ্যমে বিষয়টি সুরাহা করা হবে।
বিটি/আরকে
Tags: চাবি, ছাদ, ডিএনসিসি, বাড়ি ভাড়া, ভাড়াটিয়া