উন্নয়ন সহযোগী সংস্থা সুইসকন্টাক্ট এবং বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রফতানিকারক সমিতি (বিজিএমইএ)’র মধ্যে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে। দেশের পোশাক খাতে টেকসই ও অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধি অর্জনের লক্ষ্যে রোববার (১৫ জুন) ঢাকায় উত্তরাস্থ বিজিএমইএ কার্যালয়ে এ এমওইউ স্বাক্ষরিত হয়।
গণমাধ্যমে পাঠানো বিজিএমইএর সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, এ সমঝোতা স্মারকটি সুইসকন্টাক্ট পরিচালিত তিনটি গুরুত্বপূর্ণ প্রকল্পের অধীনে সহযোগিতাকে আরো সুসংহত করবে। প্রকল্পগুলো হলো: ১) প্রগ্রেস (পোশাক খাতে দক্ষতার মাধ্যমে সবুজ প্রবৃদ্ধি), সুইডেন দূতাবাস এবং সুইস এজেন্সি ফর ডেভেলপমেন্ট অ্যান্ড কো-অপারেশনের (এসডিসি) অর্থায়নে এ প্রকল্পটি পোশাক খাতে সবুজ প্রবৃদ্ধি অর্জনে সহায়তা করে; ২) ইনস্পায়ার (সম্পদ ব্যবহারে দক্ষতার জন্য বেসরকারি বিনিয়োগ উৎসাহিতকরণ), সুইডেন দূতাবাস কর্তৃক অর্থায়িত এ প্রকল্প পোশাক খাতে নবায়নযোগ্য জ্বালানি ও জ্বালানি দক্ষতা বৃদ্ধিতে সহায়ক ভূমিকা পালন করে; ৩) বাইটস (দক্ষতার মাধ্যমে তরুণদের কর্মসংস্থান বৃদ্ধি), নেদারল্যান্ডস দূতাবাসের অর্থায়নে এই প্রকল্পটি পোশাক, কৃষি-প্রক্রিয়াকরণ এবং আইসিটি খাতে কারিগরি ও সফট স্কিল প্রশিক্ষণের মাধ্যমে তরুণদের কর্মসংস্থান বাড়াতে কাজ করে। এই তিনটি প্রকল্পই বাংলাদেশের পোশাক খাতের উন্নয়নে নিবেদিত এবং ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ ও চট্টগ্রামসহ প্রধান শিল্পাঞ্চলগুলোতে তাদের কার্যক্রম পরিচালনা করছে।
এতে বলা হয়, এই সমঝোতা স্মারকের মাধ্যমে নারী ও তরুণদের জন্য দক্ষতা উন্নয়ন, পরিবেশগত ও সামাজিক কমপ্লায়েন্স, পরিচ্ছন্ন জ্বালানি গ্রহণ এবং পোশাক খাতের কারখানা পর্যায়ে রূপান্তরকে সমর্থন করার জন্য সাসটেইনেবিলিটিকে গুরুত্ব দিয়ে কাজ করা হবে।

সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে সুইডেন দূতাবাস, ঢাকার অন্তর্ভুক্তিমূলক অর্থনৈতিক উন্নয়ন বিষয়ক জ্যেষ্ঠ প্রোগ্রাম অফিসার ইকরামুল এইচ সোহেল বলেন, ‘সুইডিশ সরকার ক্ষুদ্র, ছোট ও মাঝারি উদ্যোগ (এমএসএমই) এবং তৈরি পোশাক খাতে লিঙ্গ সমতাকে শক্তিশালী করার বিষয়টিকে অগ্রাধিকার দেয়। আমরা বিশ্বাস করি যে সুইসকন্টাক্ট এবং বিজিএমইএর মধ্যে এ অংশীদারত্ব কর্মী ও ব্যবসা উভয়কেই উপকৃত করে এমন অর্থপূর্ণ, দীর্ঘমেয়াদি পরিবর্তন আনয়নের মাধ্যমে এই অগ্রাধিকারগুলোকে বাস্তবে রূপদান করবে।’
বিজিএমইএর প্রশাসক আনোয়ার হোসেন বলেন, ‘এই সমঝোতা স্মারক উদ্ভাবন, কর্মী বাহিনীর উন্নয়ন এবং স্থিতিশীলতার মাধ্যমে প্রতিযোগী সক্ষমতা বাড়িয়ে বাংলাদেশের পোশাক খাতকে শক্তিশালী করার প্রতি আমাদের প্রতিশ্রুতিরই প্রতিফলন। আমরা শিল্পজুড়ে টেকসই পরিবর্তন আনার জন্য সুইসকনট্যাক্টের সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি।’
সুইসকন্টাক্ট বাংলাদেশের ডেপুটি কান্ট্রি ডিরেক্টর ইশরাত ফাতেমা বলেন, ‘পোশাক খাতকে আরো স্থিতিস্থাপক, অন্তর্ভুক্তিমূলক এবং পরিবেশগতভাবে টেকসই করতে বিজিএমইএর সঙ্গে হাত মেলাতে পেরে আমরা আনন্দিত। এই অংশীদারত্ব কারখানাগুলোকে সবুজ অনুশীলন গ্রহণে সহায়তা করবে এবং শ্রমিকদের, বিশেষ করে নারীদের জন্য উন্নত জীবিকা নিশ্চিত করবে।’
তিনি বলেন, ‘এ অংশীদারত্ব একটি সবুজ, আরো অন্তর্ভুক্তিমূলক পোশাকশিল্প গড়ে তোলার দিকে একটি বড় পদক্ষেপের প্রতিনিধিত্ব করে, যা বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির ধারাবাহিকতা নিশ্চিত করে এবং শিল্পকে বৈশ্বিক সাসটেইনেবিলিটি মানদণ্ড বজায় রাখতে সাহায্য করবে।’
সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বিজিএমইএর নব-নির্বাচিত বোর্ডের সিনিয়র সহ-সভাপতি ইনামুল হক খান (বাবলু) এবং বিজিএমইএ সাপোর্ট কমিটির সদস্য আসিফ আশরাফ ও আনম সাইফুদ্দিন।
Tags: এমএসএমই, বাইটস, বিজিএমইএ, সুইসকন্টাক্ট